শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার, ৯ নভেম্বর বিকালে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ৪ শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানিতে তাদের দেহ ভাসতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় গোটা রাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের চার শিশুর একসঙ্গে চলে যাওয়া যেন কেউ বিশ্বাস করতে পারছেন না। এলাকাবাসীর চোখে এখন শুধু কান্না ও শোকের ছাপ।
স্থানীয় ইউপি সদস্য মজনু জানান, এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। এমন মৃত্যু আমাদের পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। পরিবারের সদস্যরা বিলাপ করে বলেন, ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, আর একসঙ্গেই চলে গেল।
এদিকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে শিশুদের মৃত্যুতে। প্রশাসনের পক্ষ থেকেও সহানুভূতি জানানো হয়েছে এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
পতাকানিউজ/এমওয়াই

