বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা থেকে মাছ শিকারে যাওয়া টেকনাফ শাহপরীর দ্বীপের দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর সকাল ৮টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে।ট্রলার দুটি মালিক শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক।
শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, আমার ঘাটের চারটি নৌকাকে সকাল ৮টায় বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় আরকান আর্মি ধাওয়া করে দুটি নৌকা ধরতে পারে। তবে বাকি দুই নৌকা পালিয়ে আসে। ধরা পড়া দুই নৌকায় ৯ জেলে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।
বিজিবির তথ্য বলছে, গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনও ১৫০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।
পতাকানিউজ/এনএ/আরবি

