রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন আরও ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে লাগা আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফলে বহু ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, তীব্র যানজট ঠেলে ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রথমে আগুন নেভানোর কাজ শুরু হলেও পানি সরবরাহ কম থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোট ১৯টি ইউনিট মোতায়েন করা হয়।
সন্ধ্যার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রা যেভাবে পারছেন চাপকল বা খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ঘটনাস্থলে পানি সংকট থাকায় অতিরিক্ত পানিবাহী ইউনিট পাঠানো হয়েছে। সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এদিকে বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা টিনের ঘরে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে বাসিন্দারা যে যেভাবে পারছেন, নিজেদের মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিড় নিয়ন্ত্রণ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও পুলিশ সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলের কাছাকাছি যেতে দিচ্ছেন না।
বস্তির বেশিরভাগ বাসিন্দা সাধারণত পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর। বিকেলে আগুন লাগার সময় তাদের অধিকাংশই বাড়িতে ছিলেন না।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পতাকানিউজ/এআই

