কক্সবাজরের চকরিয়ায় পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুজনেরই বয়স পাঁচ বছর। বৃহস্পতিবার, ১৮ডিসেম্বর দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- আবদুল মাবুদের শিশু সন্তান মো.নোমান ও বেলাল উদ্দিনের কন্যা শিশু জন্নাতুল ফেরদৌস। দুই শিশু সাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বাসিন্দা।
নিহত নোমানের দাদা নুরুছ ছফা বলেন, ‘গত কয়েকদিন আগে বাড়ির পাশে উঠান থেকে মাটি কাটা হয়। এতে বড় এক গর্তের সৃষ্টি হয়। এই গর্তে পানি জমে ছোট্ট পুকুরের মতো সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নোমান ও জন্নাতুল ফোরদৌস ওই গর্তের পাশে খেলা করছিলো। খেলার মধ্যে হঠাৎ করে দুইজন ওই পানি ভর্তি গর্তে পড়ে যায়। দূর থেকে ঘটনাটি নিহত শিশু জন্নাতুল ফেরদৌসের মা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে। পরে তাদের দুজনকে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
স্থানীয় ইউপি মেম্বার আজিজুল হক প্রকাশ সোনা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করছি। বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে। দুই শিশু পানি ভর্তি গর্তে পড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের দাফনের প্রস্ততি চলছে।
পতাকানিউজ/এমজেডসি/কেএস

