পাবনার আতাইকুলায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রবিবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. মুসা (২৬)। তিনি আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।
রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি দল অভিযান চালিয়ে মুসাকে গ্রেপ্তার করে। তিনি এ মামলার এজাহারনামীয় ৯ নম্বর সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে সংস্থাটি।
এসআরবি জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, ঘটনার প্রায় ৪৫ ঘণ্টা পর শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় হত্যা মামলা করেন।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, মামলার এজাহারে ১৫ জনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকেও আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী ও তার ভাগ্নে রিপন হোসেন হাটসংলগ্ন নিজেদের কার্যালয়ে বসে নাশতা করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন মুখোশধারী ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০)। আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। আর রিপন একই এলাকার মৃত ওমেদ আলীর ছেলে।
পতাকানিউজ/এমএসআর

