কক্সবাজার শহরে বিউটি পার্লার থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, ১ ডিসেম্বর বেলা ১২ টায় শহরের বৌদ্ধ মন্দির সড়কের ঝিমি’স মেকওভার এন্ড বিউটি সেলুন নামের প্রতিষ্ঠানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাদিয়া ইসলাম ঝিমি (২৫) কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার জাফর আলমের মেয়ে। তিনি শহরের বার্মিজ মার্কেট এলাকায় ঝিমি মেকওভারসহ দুই বিউটি পার্লার প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নাদিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনের বাড়ি শহরের টেকপাড়া এলাকার কামাল ম্যানশনে। গত প্রায় বছরখানেক আগে স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করার খবর জানতে পারেন তিনি। পরে অভিমান করে নাদিয়া বাপের বাড়ি চলে আসেন।
নাদিয়ার বাবা জাফর আলম বলেন, ‘রবিবার বিকাল ৩টায় মেয়ে নিজ প্রতিষ্ঠানে কাজের কথা জানিয়ে বাড়ি থেকে বের হন। সে প্রতিদিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরলেও সেদিন ফিরেনি। এদিন রাত ১১টায় মোবাইল ফোনে কথা হয়। ওইসময় কাজ থাকায় ব্যবসা প্রতিষ্ঠান অবস্থান করছিল বলে জানায় সে।’
তিনি বলেন, ‘আজ সকালেও নাদিয়া বাসায় না ফেরায় বাবা-মাসহ পরিবারের সদস্যরা একাধিক মোবাইল ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা চালায়। কিন্তু সাড়া না পাওয়ায় খোঁজ নিতে মেয়ের ব্যবসা প্রতিষ্ঠানে যান। এসময় ভেতর থেকে দরজা বন্ধ থাকায় নানাভাবে ডাকাডাকি করেন। এতে সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁকে উঁকি দিয়ে দেখেন সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়ে। পরে ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।’
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় ব্যবসা প্রতিষ্ঠানটির দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণার কথা জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার তদন্তের পর মৃত্যুর কারণ সহ রহস্য উদঘাটন সম্ভব হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

