বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির থানা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম। অভিযুক্ত মতিউর রহমান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করেন বলে জানায় সিআইডি।
সিআইডির অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তরা প্রতারণা করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে। এর সব স্টেটমেন্ট এবং তথ্য-উপাত্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে। এর মাধ্যমে পিএসসির মতো স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জাহিদুল ইসলাম আরো জানান, টাকা দেওয়া ব্যক্তিরা ইনবক্সে ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে। ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের সূত্র ধরে উক্ত পেজের অ্যাডমিনকে ধরে তার নম্বর তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলা থেকে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। সব তথ্য-উপাত্ত তদন্তের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা সুনিশ্চিত হয়েছি যে, এ আসামিই জড়িত।
এসময় তার বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়র করেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চক্রের সঙ্গে জড়িত আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদেরও গ্রেপ্তার করা হবে।
পতাকানিউজ/আইবিএম

