নোয়াখালীর সদর উপজেলায় প্রাণ কোম্পানির মালবাহী পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা সিফাত নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
শনিবার, ১৭ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. সিফাত পাশ্ববর্তী নোয়ান্নই ইউনিয়নের রতনপুর গ্রামের রাসেল ও কুলসুম দম্পতির ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজদী থেকে চিকিৎসক দেখিয়ে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল সিফাতের পরিবার। আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির প্রাণ কোম্পানির একটি মালবাহী পিকআপ অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনায় আহত সিএনজি চালকসহ চারজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. মোহন বলেন, ‘বেপরোয়া গতিতে আসা প্রাণ কোম্পানির মালবাহী পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা শিশুর মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. রাজিব আহম্মেদ চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
পতাকানিউজ/এইচএএ/আরবি

