মৌলভীবাজার সদর উপজেলায় শাহপুর এলাকায় পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ২জন।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি রাত দেড়টায় মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের শাহপুর এলাকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক আলী নুর এবং যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। চালক আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল মিয়া ও রেহান মিয়ার বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকায়।
তবে আহতদের পরিচয় জানা যায়নি। তারা অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পতাকানিউজ/এসআই/আরবি

