দুর্নীতির অভিযোগ থাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন ও পরিবারের সদস্যদের আয়কর নথির সত্যায়িত অনুলিপি সরবরাহের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে।
এর আগে দুদকের উপ সহকারী পরিচালক রুবেল হোসেন আয়কর নথির সত্যায়িত অনুলিপি সরবরাহ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বেলায়েত হোসেনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ, সঠিকতা যাচাই এবং তার মালিকানাধীন অন্য কোনও সম্পদ আছে কি না, তা যাচাই, পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।
এছাড়া তার স্ত্রী ফারহানা হোসেন, দুই মেয়ে রাহাত আরা ঋতি ও শামীম আরা নিতু এবং ছেলে আদনান হোসেন নীপুর দাখিল করা আয়কর নথি পর্যালোচনা করা আবশ্যক।
এ জন্য বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যদের নামীয় আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহে আদালতের আদেশ একান্ত প্রয়োজন।
-পতাকানিউজ/এএ

