চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. তোজ্জামেল হক তোজু নামে এক পুকুর পাহারাদারকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করার পাশাপাশি নিহতের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। শনিবার, ২৯ নভেম্বর রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তোজাম্মেল হক একই ইউনিয়নের পারদিলালপুর গ্রামের জোনাব আলির ছেলে। তিনি ঘটনার সময় পুকুরের পাহারাদার হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম বলেন, ‘রাতে পুকুর পাহারাদার তোজাম্মেল হককে একটি চোখ উপড়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রবিবার সকালে গ্রামের মানুষ দেখতে পেয়ে তার পরিবার পরিজন ও পুলিশকে খবর দেয়।’
স্থানীয় বাসিন্দা আজিম আহম্মেদ বলেন, ‘মরদেহের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গেছে। বিশেষ করে নিহতের বাম চোখ উপড়ে নেয়া হয়েছে, এ দৃশ্য উপস্থিত সবাইকে বাকরুদ্ধ করে দেয়। এমন নির্মম হত্যাকাণ্ডে শোক আর আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।’
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘রাতের কোনো এক সময় পুকুর পাহারাদার তোজাম্মেল হককে কে বা কাহারা খুন করে ফেলে রেখে গেছে। এ ঘটনার বিস্তারিত কিছু জানা যায়নি, তদন্ত চলছে।’
পতাকানিউজ/এএইচ

