পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যেখানে তার মরদেহ পাওয়া গেছে, সেখানে তিনি টিউশনি করতেন। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। আমরা বিষয়টি তদন্ত করছি।’
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, ‘খবর পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে সেখানে গেছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জুবায়েদ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, তারা সেটি সংগ্রহের চেষ্টা করছে।’
পতাকানিউজ/এনটি

