অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাস পর তার পুরোনো কর্মস্থলে ফিরেছেন। রবিবার, ২২ ফেব্রুয়ারি সকালে তিনি মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টারে’ নিজের দপ্তরে যান। এসময় প্রতিষ্ঠানের সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ড. ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, দপ্তরে ফিরেই প্রফেসর ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি সামাজিক ব্যবসা ও তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৮ মাস আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। বর্তমানে রাষ্ট্রীয় বাসভবন যমুনা থেকে তার ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন তিনি। চলতি মাসের শেষ নাগাদ তিনি তার স্থায়ী ঠিকানায় ফিরতে পারেন বলে জানা গেছে।
পতাকানিউজ/আরবি

