হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষারকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। সোমবার, ২৩ ফেব্রুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিলা রহমান তানিন জামিন আবেদন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।
আজ, সোমবার সকাল ১১ টায় তাকে আদালতে তোলা হয়। বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
কোর্ট ইন্সপেক্টর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বাহুবল থানার ওসিকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে রবিবার বেলা ১২টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়।
পতাকানিউজ/এসসি/আরবি

