পুলিশের চোখ ফাঁকি দিয়ে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছেন চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার জোড়া খুনের মামলার ২ আসামি। তারা বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ বড় সাজ্জাদের অনুসারী। গত ১ ফেব্রুয়ারি তাদের জামিন দেয়া হয়। তারা হলেন-মোবারক হোসেন ইমন ও বোরহান উদ্দিন।
২০২৫ সালের বছরের ৩০ মার্চ বাকলিয়া রাতে বাকলিয়া এক্সেস রোড এলাকায় জোড়া খুনের এ ঘটনা ঘটে। এদিন সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে প্রাইভেট কারে থাকা বখতিয়ার হোসেন (৩০) ও মো. আবদুল্লাহকে (৩২) হত্যা করেন। ঘটনার পরদিন ৩১ মার্চ বাকলিয়া থানায় মামলা হয়। এ মামলায় মোবারক ও বোরহান এজাহারভুক্ত আসামি।
হত্যা মামলার এ দুই আসামিকে পুলিশ খুঁজছিল দীর্ঘদিন ধরে। তবে তাদের চোখ ফাঁকি দিয়ে তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিনের আদেশ গত ২৯ মার্চ বাকলিয়া থানায় আসার পর বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তাদের দুজনের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি, চাঁদা না পেয়ে গুলি, প্রকাশ্যে গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে ইমনের বিরুদ্ধে হত্যাসহ ৭টি এবং বোরহানের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে ৮টি মামলা।
তবে পুলিশ বলছে, চট্টগ্রামের আদালত থেকে তারা যেন জামিন না পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, ‘আমরা তাদের গ্রেপ্তারে সবরকম চেষ্টা করেছি। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এরপরও তারা জামিন পেয়েছেন। তবে জামিন শেষে তাদের আত্মসমর্পণ করতে হবে। আমরা চেষ্টা করব তারা যেন চট্টগ্রামের আদালত থেকে জামিন না পায়।’
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া জানান, ৬ সপ্তাহের জামিনের মেয়াদ শেষে তাদের চট্টগ্রামের দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
পতাকানিউজ/আরবি

