পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। পুলিশের পাঁচটি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবি প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে দেওয়া হয়েছে এসআরবির দায়িত্বে।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে। আর গাজীপুর নগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদকে করা হয়েছে জিএমপি কমিশনার। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজির দায়িত্ব।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকার ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে রদবদল চলছে। এরই অংশ হিসেবে গত মার্চে আহসান হাবীব পলাশকে তৎকালীন র্যাবের মহাপরিচালক করা হয়েছিল।
পরে গত সেপ্টেম্বরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) করা হয়।

