ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় এক তরুণীকে অপহরণ চেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার, ৮ এপ্রিল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- পলাশ হোসেন প্রকাশ ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) এবং আব্দুল আহাদ মেজবাহ (১৯)। আটকদের মধ্যে একজন ফেনী সদর এলাকার ও অন্যরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটকরা একটি মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। মঙ্গলবার, ৭ এপ্রিল বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় গিয়ে তারা কৌশলে এক তরুণীকে তুলে নেয়ার পরিকল্পনা করে। একপর্যায়ে ওই তরুণীর বাড়িতে গিয়ে স্বজনদের ভয়ভীতি দেখান। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা স্থানীয় বিট পুলিশ সদস্যদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় অপহরণ চেষ্টার মামলা করেন।
ফেনী মডেল থানা সহকারী উপপরিদর্শক অনুপ কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ওই মাদরাসা পড়ুয়া তরুণীকে অপহরণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী নারীর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ‘প্রেমঘটিত সম্পর্কের জেরে ওই তরুণীকে তুলে নিতে তারা পুলিশের স্টিকার ব্যবহার করেছে। স্থানীয়দের সতর্কতায় তাদের আটক করা সম্ভব হয়েছে।’
পতাকানিউজ/এএএম/আরবি

