আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ থেকে আকর্ষণীয় একটি পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এই চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করেছে।
জ্যোতির্বিজ্ঞানী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এই ঘটনাটি রাত ৯টা ২৭ মিনিটে শুরু হয়ে রাত ১১টা ৪৮ মিনিট পর্যন্ত চলবে বলে জানিয়েছে ফাউন্ডেশন। এই সময়ে চাঁদ যখন পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে, তখনই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গ্রহণটি প্রথমে ইন্দোনেশিয়ার বালি থেকে দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে রাত ১০টা ২৪ মিনিটে, আর পূর্ণ গ্রহণ ঘটবে রাত ১০টা ৪৮ মিনিটে। সর্বোচ্চ ১.৩৬৮ মাত্রার এই গ্রহণটি ভোর ১২টা ৩০ মিনিটে শেষ হবে।
উল্লেখ্য, দেশের সব বিভাগেই একই সময়ে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ সকল বিভাগীয় শহরে রাত ৯টা ২৭ মিনিট থেকে রাত ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এই মহাজাগতিক ঘটনা অবলোকন করা সম্ভব হবে।
ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের এই সময়ে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলারও পরামর্শ দিয়েছে। চন্দ্রগ্রহণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ফাউন্ডেশনের হেল্পলাইন নম্বর ০১৭৩৩৩৫৫৫৫৫-এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
পতাকানিউজ/এনটি

