কক্সবাজারের পেকুয়ায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি থেকে সড়কে ছিটকে পড়েন জামাল হোসেন (৭২) নামে এক বৃদ্ধ। এ সময় অন্য দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন সদর ইউনিয়নের চইরভাঙা এলাকার বাসিন্দা।
নিহতের ভাতিজা নেছার আহমদ জানান, দুপুরে তার চাচা বাড়ি থেকে পেকুয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। চইরভাঙা স্টেশন থেকে একটি অটোরিকশায় (মিশুক) ওঠেন তিনি। পথে তেলিয়াকাটা কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে তেলিয়াকাটা সড়ক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।

এ সময় জামাল হোসেন গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। ঠিক তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তার কোমরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পতাকানিউজ/এমজেসি

