কক্সবাজারের পেকুয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন শত শত রোগী। রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারে অবস্থিত সেবা ডেন্টাল কেয়ার অ্যান্ড কনসালটেশন সেন্টারে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি স্বল্পমূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ডেন্টাল এক্স-রে করার সুবিধা দেওয়া হয়।
রাজাখালীর বাসিন্দা এবং পেকুয়া মেডিকেল সেন্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এম ডি আতিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্প পরিচালিত হয়।
চিকিৎসাসেবা দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. দস্তগীর আলম বাপ্পা এবং ফ্যামিলি মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আহাদ ইকবাল চৌধুরী।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সেবা ডেন্টাল কেয়ার অ্যান্ড কনসালটেশন সেন্টারটির উদ্বোধন করা হয়। ফৈজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, বিইউআই কামিল মাদরাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং রাজাখালীর প্রখ্যাত জমিদার পরিবারের সন্তান এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী ও এ টি এম শামসুদ্দীন চৌধুরী প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
ডা. এম ডি আতিকুর রহমান বলেন, ‘সেবা ডেন্টাল কেয়ার অ্যান্ড কনসালটেশন সেন্টার একটি সেবামূলক প্রতিষ্ঠান। গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ সেন্টার চালু করা হয়েছে। এখানে স্বল্পমূল্যে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হবে।’
তিনি আরও জানান, প্রতি সপ্তাহে একদিন ডা. দস্তগীর আলম বাপ্পা ও ডা. আহাদ ইকবাল চৌধুরী রোগী দেখবেন। পাশাপাশি ডেন্টিস্ট খোরশেদুল আলম নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দেবেন।
চিকিৎসা ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মানিক, ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু, জাকরিয়া চৌধুরী, ওবায়দুর হোসেন, ইয়াসিন, হোছাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পতাকানিউজ/এমজেসি

