কক্সবাজারের পেকুয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে শখ করে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে হতাশ হয়ে পড়েছেন পুকুরের মালিক পশুচিকিৎসক বেলাল উদ্দিন। তার সন্দেহ, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বেলাল উদ্দিন পশ্চিম বাইম্যাখালী এলাকার নুরুল হোছাইনের ছেলে। তার পুকুরে কাতলা, রুই, তেলাপিয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। দীর্ঘদিন ধরে শখ করে মাছগুলো লালন-পালন করছিলেন তিনি। মাছগুলোও বেশ বড় হয়ে উঠেছিল। তবে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগে মাছগুলো মরে যাওয়ায় তার দীর্ঘদিনের শখ ও পরিকল্পনা ভেস্তে গেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। শনিবার ভোরে পুকুরের পানিতে মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা বেলাল উদ্দিনকে খবর দেন। পরে তিনি পুকুরে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখেন। কিছু মাছ পানির নিচে তলিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা কয়েকটি মরা মাছ তুলে পুকুরপাড়ে রাখেন।
বেলাল উদ্দিন বলেন, ‘শখ করে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলাম। মাছগুলো বেশ বড় হয়েছিল। মাঝেমধ্যে ক্যাপা জাল দিয়ে নিজেই মাছ ধরতাম। ইচ্ছা ছিল, সব মাছ একসঙ্গে ধরে প্রতিবেশীদের মধ্যেও বিলিয়ে দেব। কিন্তু পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় সেই ইচ্ছা আর পূরণ হলো না।’
তিনি আরও অভিযোগ করেন, মদন আলীর ছেলে শাহ আলম এর আগে তাকে হুমকি দিয়েছিলেন। ওই বিরোধের জেরেই পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে তার সন্দেহ।

স্থানীয় বাসিন্দা এছারুল হক ও মহিউদ্দিন বলেন, ফজরের নামাজে যাওয়ার সময় পুকুরের মাছগুলো দেখতে তাদের ভালো লাগত। বেলাল উদ্দিন শখ করে মাছ চাষ করছিলেন। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগের ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বেলাল উদ্দিন জানান, এ ঘটনায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের শখের মাছ হারিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা করছেন তিনি।
পতাকানিউজ/এমজেসি/এমএম

