পেরুর দক্ষিণাঞ্চলের আরেকুইপা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার, ১২ নভেম্বর সকালে আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে প্রায় ২০০ মিটার নিচে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অনেকে।
স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো জানিয়েছেন, ঘটনাস্থলেই ৩৬ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
ওপোর্তো এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, বাসটি প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই দমকলকর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।
আরেকুইপা সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহত ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এই দুর্ঘটনা পেরুর দুর্গম পাহাড়ি অঞ্চলের ঝুঁকিপূর্ণ সড়কপথে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন আবারও সামনে এনেছে।
পতাকানিউজ/এনএফএম

