পান খাওয়ার জর্দা, রোগ নিরাময়ের ওষুধ আর নির্মাণ কাজের পেরেক ও সিমেন্ট সাগরপথে পাচার হচ্ছিল মিয়ানমারে। এসব পণ্যের বিনিময়ে বাংলাদেশে আসত ইয়াবা ও মদ। এক অভিযানে এসব পণ্য উদ্ধারের পর এমন তথ্যই জানায় বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বৃহস্পতিবার রাত ১১টায়। কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার সদর থানার নাজিরারটেকসংলগ্ন সমুদ্র এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১১১৬ পিস জর্দা ও ১৩০ কার্টুন ওষুধসহ পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাগরে ইঞ্জিন বিকল, উদ্ধার ৩
সেন্টমার্টিনে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ তিন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সেন্টমার্টিন এলাকা হতে এমভি সাইমা নামক ফিশিং বোট তিনজন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন এলাকায় আসলে একজন স্থানীয় জেলে মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানায়।
এরপর কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন একটি উদ্ধার অভিযান পরিচালনা করে ইঞ্জিনের শ্যাফট বিকল হওয়া ফিশিং বোটসহ তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
পতাকানিউজ/আইবিএম

