বগুড়ায় অস্বাস্থ্যকর ও অনিরাপদভাবে খাদ্য উৎপাদনের অপরধে দুটি চানাচুর কারখানাকে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে মাহী চানাচুরকে ১ লাখ ও রুচি ফুডকে ১ লাখ টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি দুপুরে সদরের এরুলিয়া বানদিঘী এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।
নিরাপদ খাদ্য কতৃপক্ষ জানায়, অভিযানে কারখানা দুটিতে ২-৩ মাস ধরে পোড়া তেল ব্যবহার করে চানাচুর ভাজা হচ্ছে। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নোংরা পায়ে চানাচুরে মসলা মেশানো হচ্ছিল।
এছাড়াও অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর তৈরি, বিএসটিআইসহ প্রয়োজনীয় সকল মানসনদ ও নিবন্ধন ছাড়াই খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা ও তথ্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারায় উভয় প্রতিষ্ঠানকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং অন্যান্য কর্মচারী ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/পিএম/আরবি

