প্যাটিসে তেলাপোকা পাওয়া ও অন্যান্য অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার, ৩০ নভেম্বর দুপুরে পৌর এলাকার টিএ রোডে মেসার্স শাহী বেকারিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযোগকারী মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ৪০ হাজার ও বেকারি অপরিষ্কার ও অস্বাস্থ্যকর থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জরিমানার ৪০ হাজার টাকার ২৫% হিসেবে ১০ হাজার টাকা সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসাকে প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শনিবার, ২৯ নভেম্বর সকালে সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসা ছাত্রদের জন্য মেসার্স শাহী বেকারি থেকে প্যাটিস কেনা হয়। পরে একটি প্যাটিসে তেলাপোকা পাওয়া গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার পায়।

তিনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে শাহী বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অরক্ষিতভাবে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। যত্রতত্র তেলাপোকার বিচরণ পরিলক্ষিত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মেসার্স শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেয়া হয় বলে জানান তিনি।
পতাকানিউজ/বিপিবি/এমওয়াই

