আজ, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে ৫৪ জন প্যারাট্রুপার দেশের পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, বেলা ১২টায় রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ প্যারাস্যুটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। এটি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ঐতিহাসিক এ মুহূর্ত প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে। এখানে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হয়।
দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনী দ্বারা একই রকম ফ্লাই-পাস্ট প্রদর্শনী পরিচালিত হয়। এর পাশাপাশি, পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনী দেশব্যাপী ব্যান্ড শো আয়োজন করেছে। সব অনুষ্ঠান জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
পতাকানিউজ/আরবি

