চট্টগ্রাম ওয়াসার ডিজিটাল মিটার প্রকল্পের কাজ শেষ হয়েছে অনেক আগেই। মিটারের জন্য দেয়া পাঁচ বছরের ওয়ারেন্টির বাকি এক বছর। অথচ ডিজিটাল মিটারে অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকদের ভোগান্তি দিন দিন বাড়ছেই। ঠিক এমন সময়ে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার, ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিবেন চট্টগ্রাম ওয়াসার তিন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র সফর তালিকায় নাম রয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মাহবুবুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে এবং কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহান। তাঁদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের একজন প্রতিনিধিও থাকবেন বলে জানা গেছে।
ডিজিটাল মিটার সরবরাহ, স্থাপন ও রক্ষণাবেক্ষণ–সংক্রান্ত কারিগরি ও সফটওয়্যার প্রশিক্ষণের কথা বলা হলেও প্রশ্ন উঠেছে যে প্রকল্পের কাজ শেষ, ওয়ারেন্টির মেয়াদ প্রায় শেষ, সেখানে এখন প্রশ্ন উঠছে প্রশিক্ষণের যৌক্তিকতা নিয়ে।
জানা গেছে, এই সফরের ব্যয় বহন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর পরিহারের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আগেই স্পষ্ট নির্দেশনা রয়েছে। ওয়াসার এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল মিটার সরবরাহকারী প্রতিষ্ঠান Wings Investment LLC সফরের সব ব্যয় বহন করবে। এতে সরকার বা ওয়াসার কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। তবে প্রশ্ন উঠেছে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে কেবল একজন সফটওয়্যার কার্যক্রমের সঙ্গে যুক্ত, বাকি দুজন ভিন্ন বিভাগের কর্মকর্তা।
কারিগরি প্রশিক্ষণে নন-টেকনিক্যাল কর্মকর্তাদের অন্তর্ভুক্তির কারণ জানতে চাইলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মাহবুবুল আলম বলেন, বিষয়টি তাঁর জানার কথা নয়। চট্টগ্রাম ওয়াসা থেকে নাম অন্তর্ভুক্ত করায় তিনি যাচ্ছেন। প্রশিক্ষণের বিস্তারিত বিষয়বস্তুও তাঁর জানা নেই।
একই ধরনের বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর নাম নির্বাচন করেছে। ডিজিটাল মিটারের কার্যক্রমের সঙ্গে তাঁর সরাসরি সংশ্লিষ্টতা নেই।
ঠিকাদারের অর্থায়নে বিদেশ সফরের বিষয়ে গত ২৩ মার্চ জারি করা এক পরিপত্রে প্রধান উপদেষ্টার কার্যালয় স্পষ্টভাবে জানিয়েছিল এ ধরনের ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে। জরুরি কারণ ছাড়া উপদেষ্টা বা সচিবদের সফরে কাউকে সহযাত্রী করা যাবে না। তবু সেই নির্দেশনা উপেক্ষা করেই ১৫ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এই কর্মকর্তারা। ওয়াসার ভেতরেই এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঠিকাদারের টাকায় বিদেশ সফরের ফলে পণ্যের মান নিয়ে আপস করার ঝুঁকি তৈরি হয়। সুবিধা নেয়ার পর নিম্নমানের পণ্য সরবরাহ হলেও অনেক সময় কর্মকর্তারা নীরব থাকতে বাধ্য হন।
চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে বিতর্ক নতুন নয়। ২০১৯ সালে প্রশিক্ষণের নামে ২৭ জন কর্মকর্তার উগান্ডা সফর ঘিরে ব্যাপক সমালোচনা হয়েছিল। সেবার ওয়াসা বোর্ডেই প্রশ্ন উঠেছিল সফরের প্রয়োজনীয়তা নিয়ে। বর্তমান ডিজিটাল মিটার প্রকল্প গ্রাহকদের কাছে ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। অনেক গ্রাহকের অভিযোগ, স্মার্ট মিটার বসানোর পর বিল চার গুণ পর্যন্ত বেড়েছে। আবার কোথাও অস্বাভাবিকভাবে কম বিল আসছে।
ওয়াসায় অভিযোগ জানিয়েও প্রতিকার না পেয়ে গ্রাহকদের ক্ষোভ বাড়ছে। কেউ কেউ পুরোনো মিটার ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালেও তা নাকচ করেছে ওয়াসা। এই পাইলট প্রকল্পের ত্রুটিপূর্ণ অভিজ্ঞতার মধ্যেই World Bank–এর ঋণে প্রায় এক লাখ নতুন স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা করেছে চট্টগ্রাম ওয়াসা। তবে পাইলট প্রকল্পের মিটারে রিডিং ত্রুটি ও বিলিং জটিলতা কাটেনি বলেই নতুন প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাই।
ওয়াসার কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহান বলেন, কিছু মিটারে ত্রুটি ছিল, যা ওয়ারেন্টির আওতায় পরিবর্তন করা হবে। তবে মাঠপর্যায়ে গ্রাহকদের দুর্ভোগ এখনো পুরোপুরি কাটেনি।
পতাকানিউজ/এএস/কেএস

