আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা আজ, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। এবার ভোটের অপেক্ষা। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠু ও উৎসবমুখর করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ। ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আশা করি, সবাই প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর নির্বাচনের বাকি দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট হবেন।’
ইসি সচিব আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো যাবে না।
গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচার-প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে আজ শেষ হলো।
ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। একইসঙ্গে ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ করতে হবে।’
বিধিমালার ১৯ ধারায় প্রচারণা সামগ্রী অপসারণের বিষয়ে বলা হয়েছে, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারণা সামগ্রী প্রার্থীকে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।’
ইসি সূত্রে জানা গেছে, এবার সারা দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। হিজড়া ভোটার ১ হাজার ২২০ জন।
এছাড়া পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছে ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি। এবার নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এ নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন। সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি কক্ষে। নির্বাচনি দায়িত্বে রয়েছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। আর নিরাপত্তা নিশ্চিতে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখেরও বেশি সদস্য।
পতাকানিউজ/আরবি

