ফেনীর ছাগলনাইয়ায় এক প্রতিবেশির বাড়ির বাথরুম থেকে মো. সুমন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার, ২ সেপ্টেম্বর সকালে উপজেলার পূর্ব পাঠানগড় গ্রামের তোকাম আলী ফরায়েজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. সুমন (৩২) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ও দুই সন্তানের জনক।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, পাঠানগড় গ্রামের বাসিন্দা ফারজানা আক্তার নামে এক নারীর সঙ্গে সুমনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার দিন সুমন ওই নারীর বাড়িতে যান। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা বাড়ির বাথরুমের ভেতর সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্বজনদের অভিযোগ, ওই নারীর সঙ্গে সম্পর্কের জের ধরেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে খবর পেয়ে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ছাগলনাইয়া থানা উপপরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ফারজানা আক্তারকে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পতাকানিউজ/এএএম/আরবি

