ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।
আহতরা হলেন- নায়েক জুয়েল মিয়া, কনস্টেবল শরিফ, এএসআই নিজাম, কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুস সালাম এবং মাইনুল হাসান । এদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে গাড়িযোগে বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা দেয়। ভেলানগর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়।
পুলিশ সুপার আরও জানান, আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

