ঢাকায় প্রথমবারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে শব্দ থিয়েটারের বহুচর্চিত নাটক ‘শয়তান’। আগামী শনিবার, ৬ ডিসেম্বর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে হবে নাটকটির প্রদর্শনী। দেশের বাইরে এবং বিভিন্ন জেলা শহরে সাতবার মঞ্চায়নের পর এবার রাজধানীর দর্শকদের সামনে আসছে দলটির এ জনপ্রিয় প্রযোজনা।
কাহলিল জিবরানের বিখ্যাত স্যাটান গল্প অবলম্বনে নাট্যকার ও নির্দেশক মাস্উদ জামান তৈরি করেছেন এর মঞ্চরূপ। মানুষের নৈতিকতা, পাপ–পুণ্য, বিশ্বাস, ধর্মীয় কাঠামো ও অন্তর্গত অন্ধকারের প্রশ্ন নিয়ে নাটকটি এগিয়ে যায়। এক ‘শয়তান’ চরিত্রকে কেন্দ্র করে মানবচেতনার অস্বস্তিকর সত্যগুলো তুলে ধরাই এ নাটকের মূল শক্তি। শব্দ থিয়েটার বলছে, নাটকটি দর্শকদের শুধু বিনোদন দেবে না; বরং আত্মপরিচয় ও বিশ্বাসকে নতুন করে ভাবার সুযোগ করে দেবে।
টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ও ২০০ টাকা। প্রদর্শনীর দিন জাতীয় নাট্যশালার কাউন্টার এবং অনলাইনে টিকিট পাওয়া যাবে।
ঢাকায় প্রথম প্রদর্শনী উপলক্ষে আজ যশোর শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে শব্দ থিয়েটার। সেখানে উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক মাস্উদ জামান, প্রচার সম্পাদক পিয়াশ মণ্ডল, দপ্তর সম্পাদক তানভীর হাসান ও অভিনেতা বনিফেস। তারা জানান, ‘শয়তান’ এবারে শব্দ থিয়েটারের অন্যতম সফল প্রযোজনা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বিভিন্ন মঞ্চে দর্শকের প্রশংসা, প্রতিক্রিয়া এবং ধারাবাহিক চাহিদাই ঢাকায় প্রদর্শনীর প্রেরণা।
দলটির ভাষ্য, নান্দনিক মঞ্চসজ্জা, সংবেদনশীল অভিনয় আর দার্শনিক বয়ানের সমন্বয়ে ‘শয়তান’ হবে রাজধানীর দর্শকদের জন্য এক বিশেষ নাট্য–অভিজ্ঞতা। শনিবারের প্রদর্শনীতে সবার উপস্থিতি কামনা করেছে শব্দ থিয়েটার।

