প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন। শনিবার, সকাল ১০টা ১০ মিনিটে সেখানে পৌঁছান তিনি।
এসময় কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।
এদিকে, প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং বিশেষ মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ছুটির দিন শনিবার, ২১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন বলে ঘোষণা দেয়া হয়। প্রশাসনে গতি আনার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
পতাকানিউজ/আরবি

