প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নব-নির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
রবিবার, ১২ এপ্রিল বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশা ও শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেলকে শপথ বাক্য পাঠ করান।
শপথ শেষে দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।
শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন।
শনিবার, ১১ এপ্রিল বিজয়ী দুই সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। অপরদিকে, ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।
এছাড়া শেরপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাসদের (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। গত ৯ এপ্রিল স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন হয়।
পতাকানিউজ/আরবি

