প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মত চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। রবিবার, ৯ আগস্ট প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে বাঁশখালী উপজেলায় যাবেন। একদিনের এ সফরে তিনি আয়োজিত একাধিক কর্মসূচি অংশ নেবেন। এদিন সকাল থেকে প্রধানমন্ত্রীল সফর শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে বরণ করতে নতুন সাজে সেজেছে চট্টগ্রাম। উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
দিনব্যাপী কর্মসূচিতে যা থাকছে
শুরুতে সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম ঘুরে দেখবেন। এরপর কর্মসূচি শেষে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশে রওনা হবেন তিনি।
বাঁশখালীর পৌঁছে যাবেন উপকূলীয় বাহারছড়া এলাকায়। সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো মানুষের পুনর্বাসনে ১০০টি নতুন ঘর নির্মাণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ঘরের চাবি তুলে তুলে দেবেন প্রধানমন্ত্রী।
বাঁশখালীর কর্মসূচি শেষে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় ৫০ জন নেতার সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
রবিবার দুপুরে হেলিকপ্টারে আসবেন প্রধানমন্ত্রী। ফেলাগাজীর দীঘিতে সিএনবি মাঠে করা হয়েছে হেলিপ্যাড। সেখান থেকে গাড়িতে করে যাবে বাবুনগর মাদ্রাসায়।
ফটিকছড়ির কর্মসূচি শেষে সড়কপথে হাটহাজারীতে যাবেন প্রধানমন্ত্রীর। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
এরপর জেলা পরিষদের ডাকবাংলোয় কিছু সময় অবস্থান করে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রাম নগরীরর পাঁচ তারকা একটি হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের পাশাপাশি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী।
পতাকানিউজ/আরবি

