প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় যাচ্ছেন আগামী ১০ মার্চ, মঙ্গলবার। সরকারপ্রধান হিসেবে এটি তার প্রথম বগুড়া সফর। ওই দিন তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দুপুর সোয়া ১টায় বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারে জুমার নামাজের আগে সাংবাদিকদের স্থানীয় সরকার পল্লী ইন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ মার্চ তিনি বগুড়ায় আসার কথা রয়েছে।’
ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতিমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
বগুড়ায় এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি করা হয়েছে।
কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন।
প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেয়ার কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

