প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ, মঙ্গলবার বগুড়ায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসছেন না। কারণ বগুড়া- ৬ সদর আসনের উপ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে এলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে। আর এ কারণেই তিনি আপাতত বগুড়ায় আসছেন না। তার সফর স্থগিত করা হয়েছে।
সোমবার, ২ মার্চ বিকেলে বগুড়া- ৬ সদর আসনের উপ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জেলা রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর এ কথা জানান।
তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়ায় আসার কথা ছিল। কিন্তু এসময় তিনি বগুড়ায় আসলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে। এজন্য এ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুদিনের বগুড়ার শিবগঞ্জ সফরে এসে গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন ‘ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়ায় আসছেন।
পতাকানিউজ/পিএম/আরবি

