গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, মন্ত্রীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৭টি বাসা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। তবে প্রধানমন্ত্রীর বাসভবন বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করা হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। গণপূর্ত উপদেষ্টা বলেন, “প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উনারা যেভাবে চান, সেভাবেই ব্যবস্থা হবে।’
তিনি আরও জানান, বর্তমান সময়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় ৩৭টি বাড়ি প্রস্তুত। প্রয়োজনে আরও কিছু বাড়ি তৈরি করার প্রস্তুতিও চলছে। শপথ গ্রহণের আগেই এগুলো প্রস্তুত থাকবে।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে। আমরা ১৮ মাস ধরে জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে নতুন গতিতে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের কাজের জন্য আমরা জনগণের কাছে দায়বদ্ধ।’
দুর্নীতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) রিপোর্টের প্রশ্নে তিনি জানান, ‘দুর্নীতি নিয়ে তাদের রিপোর্ট নিয়ে তাদেরই জিজ্ঞেস করতে হবে। জনগণের আলোচনা ও টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে।’
উপদেষ্টা আরও জানান, ‘অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কাজ সম্পন্ন হয়নি। আশা করছি এগুলোও শিগগিরই সম্পন্ন হবে।’
-পতাকানিউজ

