প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যাচ্ছেন সোমবার, ২৭ এপ্রিল। সেখানে তিনি খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নানা প্রস্তুতির পাশাপাশি শহরজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন রূপে সাজছে যশোর শহর। বিশেষ করে ঈদগাহ ময়দানের জনসভাস্থল, শার্শার জিয়া খালসহ প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিদর্শনস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, যশোরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এ সফর ঘিরে এলাকায় সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন হবে।
যশোর জেলা বিএনপি সভাপতি সাবেরুল হক সাবু বলেন, ‘সফরে শার্শার জিয়া খাল খনন ও যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে ঈদগাহ ময়দানের জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।
দেশে ফেরার পর গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারে যশোরে আসেন তারেক রহমান।
পতাকানিউজ/আরবি

