প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান। বৈঠক শেষে তারা রাত সোয়া ৯টায় যমুনা ত্যাগ করেন।
এর আগে আজ সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে ৬টা ৫২ মিনিটে যমুনার উদ্দেশে রওনা হন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন।

এসময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিএনপি চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন।
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল। বৈঠকে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে যুক্তরাজ্যে থেকে দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান।
পতাকানিউজ/আরবি

