মাগুরায় চাঁদার টাকা দিতে অস্বীকার করায় প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী রিমা খাতুনকে কুপিয়ে হাতের আঙুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার, ২৯ নভেম্বর সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উত্তর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রিমা খাতুন জানান, সকালে রফিকুল ইসলাম, ফারুক শিকদার ও মিঠুন সিকদার তার বাড়িতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হামলা চালান। চাঁদার টাকা না দিতে পারায় ওই ৩ ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে তার ডান হাতের মধ্যমা আঙুল কেটে ফেলেছে। একইসাথে তার বাম হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাত করেছে।
তিনি বলেন, তার স্বামী প্রবাসে থাকেন। এই সুযোগে ওই লোকজন প্রায় তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। পূর্বে দাবি করা চাঁদা না পেয়ে জমির আইল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, ‘আমার আঙুল কেটে পড়ে যাওয়ার পর বাম হাতে কোপ দিয়ে কেটে ফেলেছে। আমি ঘরের মেঝেতে পড়ে গেলে ওই তিন ব্যক্তি আমার ওপর বেধড়ক অত্যাচার করেছে।’ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুমাইয়া আক্তার বলেন, ‘ডান হাতের আঙুল কেটে ঝুলে পড়া ও বাম হাতে কব্জির ওপরে আঘাতপ্রাপ্ত হয়ে এক নারী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। বর্তমানে আহত ওই নারী সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।’
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। লিখিত অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/এমওয়াই

