হে অনন্ত অসীম, সন্ধানীজনে তুমি দাওগো ধরা;
মনে ভাবি, সত্যের আলোকে তোমায় প্রত্যক্ষ করা।
তোমার সন্তুষ্টি পথে কঠোর সাধনা করিয়া তারা,
তোমার অনুগ্রহ-পুরস্কার লভি তোমাতে আত্মহারা।
এই আকাশ-বাতাস রবি-শশী তারকা রাশি,
চেতন-অচেতন, জানা-অজানা এভবে যতনা
আছে জীবকূল সৃষ্ট তরে কৃতজ্ঞা প্রকাশি,
তব জয়গানে ইঙ্গিতে নিত্য করেছি বন্দনা।
মোরা সবই তব সত্বার প্রতীক, সতত
নিয়োজিত তাতে যেরূপ তব লীলা বাসনা
তুমি দেখিতেছ সদা অদৃশ্যে থাকি নিয়ত,
মোদের সুখ-দুঃখ, পাপ-পূণ্য, হাসি-বেদনা।
তব অনন্ত লীলা বিস্ময়ে সদা নিজেকে হারাই;
আমার বাক্য-শক্তি-জ্ঞান তাতে খুঁজে পায়না ঠাঁই!
জন্ম লাভ বাঁচা-মরা শুধু তোমারি করুণা;
তরাইতেছ সবে করি বিশ্ব নিখিল রচনা।
তবে যোগ্য গুণ-গানে তুষিতে তোমারে ব্যর্থ প্রয়াস;
এ সৃষ্টিলীলা যার, প্রশংসার উর্দ্ধে সপ্রকাশ।
তাই সোজাসুজি তব পাশে এই মোর নিবেদনঃ
প্রভু, তুমি কৃপা করি ইচ্ছা মোর করিও পূরণ,
সফল করিও মোর অনাড়ম্বর জীবনে
(ছন্দমধুর গুণগাছে নহে, কর্মের বন্ধনে)
তব তুষ্টি লাভ আর জীবন-আত্মার মুক্তি সাধনা।
আমু মূঢ়-ক্ষুদ্র মতি, যাঁচি শুধু তোমারি মার্জনা।

