সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ৪ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার, ২৬ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সিয়ামের আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। দুদকের আইনজীবীদের মোহাম্মদ তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন।
গত বৃহস্পতিবার, ২২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আল আমিন তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন রিমান্ড শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে ২০ জানুয়ারি সিয়ামকে আটক করে দুদক।
এর আগে গত ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে মামলা করে দুদক।
তিনটি মামলার এজাহার সূত্রে জানা যায়, আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে। এছাড়াও আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এজাহারে আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে আনা হয় ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
পতাকানিউজ/এএ/আরবি

