রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একইসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কাছেও লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে প্রাণনাশের শঙ্কায় রয়েছেন তিনি।
রবিবার, ১৮ জানুয়ারি বিকেলে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিতসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে পহেল চাকমা বলেন, ‘শনিবার রাতে দুজন ব্যক্তি তাকে একটি দোকানে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তারা বলেছেন, আগামী ১৯ জানুয়ারির মধ্যে যদি প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে।’ তা নাহলে সর্বোচ্চ ব্যবস্থাসহ প্রাণনাশের হুমকি দিয়েছে।
তবে তিনি ব্যক্তিগতভাবে হুমকি দাতাদের কাউকে চিনেন না। এ ঘটনায় থানায় জিডি করেছেন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রেখে সুষ্ঠু তদন্তের অপেক্ষায় রয়েছেন বলে জানান।
পহেল চাকমা জানান, নিরাপত্তা চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টরা তার নিরাপত্তা বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
জানতে চাইলে রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচন কমিশনের বিধিমতে ব্যবস্থা নেয়া হয়েছে।’
পতাকানিউজ/জেআরজে/আরবি

