সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন শিক্ষকেরা ।
রবিবার, ২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে।
এর আগে শনিবার, ১ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা শেষে সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেছিলেন, ২৯ অক্টোবর প্রাথমিকের শিক্ষকদের যোগদান শুরু হবে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি আছে আজ রবিবার। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন হবে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা ইতোমধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন।
পতাকানিউজ/আরবি

