চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রীতিভোজ অনুষ্ঠানে প্রকাশ্যে ভোট চাওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া হয়, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি।
জানা গেছে, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জসিম উদ্দিন প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। তিনি চট্টগ্রাম-১৫ আসন (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) থেকে জামায়াত প্রার্থী শাহাজাহান চৌধুরীর পক্ষে ভোট চান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত চট্টগ্রাম-১৫ আসনের ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি বিষয়টি আমলে নেয়।
কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাজাহান চৌধুরীকে শোকজ নোটিশ দেন। নোটিশে আগামী ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট প্রার্থনা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন বলেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন—এটি সত্য। তবে এটি যে আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে, তা আগে জানা ছিল না বলে দাবি করেন তিনি। ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন উল্লেখ করে বলেন, শোকজ নোটিশ সম্পর্কে জেনে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে যথাযথ জবাব দেওয়া হবে।
-পতাকানিউজ।

