জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে আলী মামুদ নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলী মামুদ (৭০) জাতীয় দৈনিক দিনকালের সিটি এডিটর হিসেবে কাজ করতেন। তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্যও ছিলেন। তার স্ত্রী এবং দুই ছেলে এক মেয়ে আছেন।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের দরজা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘আলী মামুদ গতকাল (সোমবার) প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। খবর পেয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।’
পতাকানিউজ/আরবি

