চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে মো. কামরুল হাসান কাউসার (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, ৬ অক্টোবর নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর এলাকার নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা হামিদা বেগমকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহত কামরুল ওই এলাকার পন্ডিত বাড়ির প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।
নিহতের মা হামিদা বেগম জানান, ‘কামরুল প্রায়ই নেশাজাতীয় দ্রব্য সেবন করতো এবং এলাকার দুষ্ট লোকজনের সাথে তার আর্থিক লেনদেন ছিল। এসব বিষয়ে বিরোধের জেরে গত রবিবার পাশ্ববর্তী মির্জারহাটে সে মারধরের শিকার হন। সকালে ঘুম থেকে উঠে বিছানায় তার নিথর দেহে রক্তে রঞ্জিত কাটা-ছেঁড়া ও অগোছালো অবস্থায় দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়া হয়।’
তবে, এই মৃত্যুর ঘটনাকে রহস্যজনক বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবী আর্থিক লেনদেনের খপ্পরে পড়ে তিনি মারাত্মক হামলার শিকার হন।পরে জখমের আঘাতে তার মৃত্যু হতে পারে।
ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম জানান, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/ওএআর/এএইচ

