মৌলভীবাজারে ফুঁ দিয়ে এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ায় ঘটনায় এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার, ২৬ এপ্রিল বেলা ১২টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শমশেরনগর সোনালী ব্যাংক শাখা থেকে জরিনা বেগম নামে এক নারী ২৯ হাজার ৯০০ টাকা উত্তোলন করে বের হওয়ার পর প্রতারণার শিকার হন।
ভুক্তভোগীর অভিযোগ, ব্যাংক থেকে বের হওয়ার পরপরই দুজন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয়ে সালাম দেয়। তারা নানা কৌশলে কথা বলে একপর্যায়ে ফুঁ দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়।
তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পেরে জরিনা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করে। অপর ব্যক্তি পালিয়ে যায়।
আটক হাবিব মিয়া (৩০) কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে বলে জানা গেছে। তবে তার সঙ্গে থাকা অপর সহযোগী জরিনা বেগমের টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।’
পতাকানিউজ/এমআরআর/আরবি

