ফুটবল খেলায় বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে।
নিহত ইব্রাহিম ওই গ্রামের লিন্দন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের একটি ফুটবল খেলা চলাকালে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে সৌরভ মিয়ার বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে খেলা শেষে সৌরভ মিয়া ছুরি দিয়ে ইব্রাহিম মিয়ার ওপর হামলা চালায়। এসময় ইব্রাহিমের পিঠসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে জানতে পারেন, প্রতিবেশী সৌরভ মিয়া তার ভাইকে ছুরিকাঘাত করেছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ঘটনার বিষয়ে বানিয়াচং থানার ওসি মো. শরীফ আহমেদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার মামলা অভিযোগ নিয়ে থানায় এলে মামলা হবে। এছাড়া পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
-পতাকানিউজ/এসসি

