আওয়ামী লীগ নেতার এক ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের কল রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় ফেঁসে গেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী। তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার, ৫ নভেম্বর এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আজিজুর রহমান রিজভী ফেনী শহরের রামপুরের আড্ডাবাড়ির বাসিন্দা।
এর আগে গত শনিবার রাতে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুকে এনসিপি নেতা রিজভীর সঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজুর ঘনিষ্ঠ এক ব্যক্তির কথোপকথনের কল রেকর্ড প্রকাশ করেন। প্রকাশিত কল রেকর্ডসহ পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে এবং উক্ত ঘটনায় আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
একইসাথে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিস্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।
এদিকে জুলকারনাইন সায়ের পোস্টে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ২০২৫ সালের ৫ মে রাতে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু গ্রেপ্তার হন। সাজু ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতা হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি এবং জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পতাকানিউজ/এএএম/আরবি

